চাঁদপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মিজানুর রহমানের মতবিনিময় সভা

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। বুধবার (১ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, মাদক, কিশোর গ্যাং, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশের পাশাপাশি গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থে সাংবাদিকতা সমাজে সচেতনতা সৃষ্টি এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের সঠিক ও নির্ভুল তথ্য প্রদানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পুলিশ সুপার সেগুলো গুরুত্বসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, তথ্য বিনিময় এবং জনস্বার্থে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *