পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন

স্টাফ রিপোর্টার মোঃ জাবেদ হোসেন: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় আইনশৃঙ্খলা জোরদার ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই ২০২৬) সকালে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে ক্যাম্পটির উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।
উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, দ্রুত সম্প্রসারণশীল পূর্বাচল নতুন শহর প্রকল্পে নাগরিক নিরাপত্তা ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন অবকাঠামোগত উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, এ এলাকায় ডিএমপির চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র এবং দুটি পুলিশ লাইনস স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্পে তিনটি ডেপুটি কমিশনার (ডিসি) অফিস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান। একই সঙ্গে প্রকল্পের বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়াও এগিয়ে চলছে, যা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ চালুর মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে বসবাসকারী ও আগত মানুষের জন্য আরও দ্রুত, আধুনিক ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *