বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ৫০টি ফলজ গাছের চারা রোপণ

স্টাফ রিপোর্টার:পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ৫০টি বিভিন্ন জাতের ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় স্বেচ্ছাসেবক, সমাজসেবী ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আক্তার হোসেন বাকাউল।
এ সময় তিনি বলেন, “একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি মানুষের জীবন ও ভবিষ্যৎকে সুরক্ষিত রাখে। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের কারণে বৃক্ষরোপণের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। তাই প্রত্যেক মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত।”
তিনি আরও বলেন, “বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশন শুধু বৃক্ষরোপণ নয়, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়মিত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”
কর্মসূচিতে উপস্থিত স্বেচ্ছাসেবকরা নিজ হাতে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা রোপণ করেন এবং গাছগুলোর নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করেন। তারা জানান, শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছকে বড় করে তোলার দায়িত্বও সবার।
এ সময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দলের সদস্য আরাফাত, আল আমিন, পানতো, মো. দুদু খান, মুন্না ও রাকিবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সামাজিক সংগঠনগুলোর এমন পরিবেশবান্ধব কর্মসূচি এলাকার মানুষকে সচেতন করবে এবং সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশনের এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *