মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার, কিশোর গ্যাং সন্দেহে ২০ জন আটক

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী অভিযান ও কিশোর গ্যাং প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে মতলব উত্তর থানা পুলিশ। অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে কিশোর গ্যাং সংশ্লিষ্টতার সন্দেহে ২০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)-এর সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান-এর নেতৃত্বে গত ১৫ জুন ২০২৬, সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে পুলিশ ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে পরিচালিত অভিযানে ২০ জনকে সন্দেহভাজন হিসেবে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ৯ জন শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, সমাজে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *