পিরোজপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ মে) সকালে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে একটি শোক র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে তার আদর্শ ও দেশপ্রেম থেকে অনুপ্রাণিত হয়ে জাতীয় উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্যের হাতে নিহত হন বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *