৬০ দিন টানা জামাতে নামাজ আদায়, কোটচাঁদপুরে ১৩ যুবক পেলেন পুরস্কা

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ইবাদতের প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে ঝিনাইদহের কোটচাঁদপুরে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ। টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে পুরস্কৃত হয়েছেন ১৩ জন যুবক। এমন ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে স্থানীয় যুবসমাজের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দুই মাসজুড়ে মসজিদমুখী হয়ে ওঠেন এলাকার তরুণরা। নামাজের প্রতি ভালোবাসা ও ধর্মীয় অনুশাসন পালনে এ উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।

জানা যায়, কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া মাদ্রাসাপাড়া যুব উন্নয়ন সংঘের উদ্যোগে একাধারে ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়কারীদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর থেকেই স্থানীয় যুবকদের মধ্যে শুরু হয় এক সুন্দর প্রতিযোগিতা। প্রতিদিন নির্ধারিত সময়ে মসজিদে উপস্থিত হয়ে তারা জামাতের সঙ্গে নামাজ আদায় করেন।

দীর্ঘ দুই মাস শেষে শুক্রবার (২৯ মে) বিকেলে হরিন্দিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে বিজয়ী ১৩ জনের মধ্যে ৩ জনকে বাইসাইকেল এবং ১০ জনকে বিভিন্ন ইসলামী বই উপহার দেওয়া হয়। বাইসাইকেলপ্রাপ্ত তিনজন হলেন—আলিফ, আব্দুল্লাহ ও আমির হামজা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মামুন বাবু, দেলোয়ার হোসেন সাইদী, আ. মালেক, আ. মজিদ মিয়া, সোহাগ আহমেদ, হাবিবুর রহমান, সবুজ হোসেন, আবুল কালাম, হারুনসহ স্থানীয় যুবনেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই। তরুণদের মসজিদমুখী করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *