ঈদ সামনে রেখে পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮’র কঠোর নিরাপত্তা: ড্রোন নজরদারি, জাল টাকা শনাক্তে বিশেষ ব্যবস্থা

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার, পিরোজপুর:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পিরোজপুরের পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-৮। কোরবানির পশু কেনাবেচাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপরাধ, জাল টাকার প্রতারণা কিংবা আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে, সেজন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
রোববার (২৫ মে) বিকেলে পিরোজপুর জেলার বলেশ্বর ও পাঁচপাড়া পশুর হাট পরিদর্শনকালে র‌্যাব-৮, সিপিএসসি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা এসব তথ্য জানান।তিনি বলেন, ঈদকে সামনে রেখে র‌্যাব-৮ এর আওতাধীন আট জেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। একই সঙ্গে জাল টাকা শনাক্তকরণের মেশিন ও বিশেষ টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।তিনি আরও জানান, হাট এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি র‌্যাবের গোয়েন্দা, আভিযানিক ও টহল টিম একযোগে মাঠে কাজ করছে। স্থানীয় পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।র‌্যাব সূত্র জানায়, কোরবানির পশু পরিবহন ও কেনাবেচা নির্বিঘ্ন রাখতে বিভিন্ন এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষ যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন, সেজন্য ঈদ পর্যন্ত এ তৎপরতা অব্যাহত থাকবে।এসময় জাল টাকা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়। কোনো নোট জাল বলে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে হাটে স্থাপিত র‌্যাব কন্ট্রোল রুমে জানানোর অনুরোধ করা হয়েছে।এছাড়া ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ রাখতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। ঈদের প্রধান জামাতগুলোতেও গোয়েন্দা নজরদারির পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *