ঝিনাইদহে মহান মে দিবস পালিত
সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-
সুস্থ শ্রমিক কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় এক আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায়। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ এবং পুলিশ সুপার মাহফুজ আফজাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, যশোর অঞ্চলের পরিচালক রাজিব বড়–য়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল,জেলা সহকারী সেক্রেটারি কাজী ছাগীর আহম্মেদ,
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির সভাপতি অ্যাড.কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল করিম, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, মহিলা অধিদপ্তরের ফিরোজা সুলতানাসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে ঝিনাইদহের ১৩ জন দুস্থ শ্রমিকের চিকিৎসা সহায়তা এবং তাদের সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য প্রায় ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এর আগে ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ডের মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।##

