পিরোজপুরে হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৭ বছরের কারাদণ্ড
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
পিরোজপুরের নেছারাবাদে ৮ বছর আগে মোটরসাইকেল চালক মিলন বাহাদুরকে হত্যা ও তার মরদেহ গুমের ঘটনায় ছেলেকে যাবজ্জীবন এবং মাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. তাজিম (২৮) এবং তার স্ত্রী মোসা. রেহানা বেগম (৫০)।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আকন জানান, হত্যার দায়ে তাজিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে, মরদেহ গুমের ঘটনায় তার মা রেহানা বেগমকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় রেহানা বেগম আদালতে উপস্থিত থাকলেও তাজিম পলাতক রয়েছে।আদালত সূত্রে জানা যায়, মোটরসাইকেল কেনাবেচার লেনদেন নিয়ে তাজিম ও মিলনের মধ্যে বিরোধ ছিল। এর জেরে ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে বয়ারহুলা মোটরসাইকেল স্ট্যান্ড থেকে মিলনকে মোটরসাইকেলসহ ভাড়া নেয় তাজিম ও আরেক যুবক। পরে রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।ঘটনার দুই দিন পর, ১২ ফেব্রুয়ারি নিহতের বাবা শাহাদাত বাহাদুর নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর ১৪ ফেব্রুয়ারি তাজিমের বাড়ির ল্যাট্রিনের সেপটিক ট্যাংক থেকে মিলনের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, হত্যার পর তাজিম তার মায়ের সহায়তায় মরদেহ গুম করে।
এ ঘটনায় নিহতের বাবা শাহাদাত বাহাদুর ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। তবে রায় ঘোষণার সময় বিচারক অপর দুই আসামিকে বেকসুর খালাস দেন।

