সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা করছে র্যাব, দ্রুত অভিযান
ডেস্ক রিপোর্ট:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে সারাদেশে চাঁদাবাজ নির্মূলে পক্ষপাতমুক্ত তালিকা তৈরির কাজ চলছে এবং তালিকা ধরে শিগগিরই অভিযান শুরু হবে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর নির্দেশে এই তালিকা প্রণয়ন করা হচ্ছে, যাতে কোনো ধরনের পক্ষপাত বা প্রভাব না থাকে। তালিকা চূড়ান্ত হলে সারা দেশে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মানবপাচারকারী ও মাদক ব্যবসায়ীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় ব্যবসায়ীর কব্জি বিচ্ছিন্নের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এছাড়া পতেঙ্গা উপকূলে একটি ট্রলারে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে ৫০ হাজার লিটারের বেশি ভোজ্যতেল জব্দের কথাও জানানো হয়েছে। র্যাব জানিয়েছে, অপরাধ দমনে চলমান এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

