ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা: কেএমপি ট্রাফিক বিভাগের সম্মাননা প্রদান অনুষ্ঠানে কেএমপি কমিশনার
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
অদ্য ৮ মার্চ ২০২৬ তারিখ বেলা ১১.০০ ঘটিকায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার ও ফোর্সদের ভালো কাজের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম।
অতঃপর ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতা, দায়িত্বশীলতা ও জনসেবামূলক কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় ট্রাফিক বিভাগে কর্মরত ১৫ জন কনস্টেবল, ৫ জন এটিএসআই এবং ৫ জন সার্জেন্টকে আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত কমিশনার ট্রাফিক বিভাগের সদস্যদের উদ্দেশ্যে বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সততা, পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়কে যাতে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় এবং জনসাধারণ নির্বিঘ্নে ও নিরাপদে চলাচল করতে পারে সে লক্ষ্যে কাজ করতে হবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা, শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসাধারণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সার্বক্ষণিক তদারকি নিশ্চিত করার নির্দেশ প্রদান করা হয়। এ ধরনের উদ্যোগ পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্ববোধ জাগ্রত করা এবং জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় কেএমপি’র অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ ছয়রুদ্দীন আহম্মেদ-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

