ইন্দুরকানী থেকে পুনরায় ‘জিয়ানগর উপজেলা’ নাম ফিরে পাওয়ায় বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার নাম পুনরায় ‘জিয়ানগর উপজেলা’ হিসেবে ফিরে পাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন-এর নেতৃত্বে উপজেলা পরিষদ মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিয়ানগর বাজারে গিয়ে শেষ হয়। পরে বাজারের ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন, জেলা যুবদলের সদস্য এস কে আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।জানা গেছে, ২০২৫ সালের ২০ জানুয়ারি অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম বৈঠকে ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়ানগর উপজেলা’ নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি ওই সিদ্ধান্তের আলোকে নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশ এখনও বাকি রয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৯ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর সভাপতিত্বে নিকার-এর ১১৩তম সভায় পিরোজপুরের সপ্তম উপজেলা জিয়ানগরের নাম পরিবর্তন করে ‘ইন্দুরকানী উপজেলা’ করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে একই বছরের ৮ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ‘ইন্দুরকানী উপজেলা’ করা হয়।

