৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ
ডেস্ক রিপোর্ট:
সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। রবিবার অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম. এম. সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন ৯৭৩টি প্রতিষ্ঠানে পরিচালিত পরিদর্শন, নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদনের তালিকা ডিআইএর ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বিভিন্ন অনিয়মের চিত্র উঠে এসেছে। এর মধ্যে রয়েছে জাল ও ভুয়া সনদ ব্যবহার, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট ও আয়কর (আইটি) সংক্রান্ত আর্থিক অনিয়ম।
প্রতিবেদনগুলোর অনুলিপি সংশ্লিষ্ট অধিদপ্তর—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। প্রয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ই-মেইলেও পাঠানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস, শিক্ষা বোর্ড, ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডির সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধানের কাছেও ই-মেইলে প্রতিবেদন পাঠানো হয়েছে।
কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত ই-মেইলে প্রতিবেদন না পেলে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগ করে ডি-নথি সিস্টেম থেকে তা সংগ্রহ করতে পারবে। সেখান থেকেও সংগ্রহ সম্ভব না হলে প্রতিষ্ঠানের লেটারহেডে পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করে তার অনুলিপি director@dia.gov.bd ঠিকানায় পাঠাতে হবে।
ই-মেইলে আবেদন পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইলে পুনরায় প্রতিবেদন পাঠানো হবে। প্রয়োজনে ০২৪১০৫৩৩৪৭ নম্বরে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।
এসব অনিয়মের কারণে প্রায় ৯০ কোটি (৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭) টাকা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বেহাত হওয়া ১৭৬ দশমিক ৫২৩ একর জমি উদ্ধারেরও তাগিদ দেওয়া হয়েছে। ডিআইএ জানিয়েছে, ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এই তদন্ত প্রতিবেদনের পূর্ণাঙ্গ তালিকা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটের (www.dia.gov.bd) নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।
যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ই-মেইলে প্রতিবেদন না পেয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে ডি-নথি সিস্টেম থেকে তা সংগ্রহ করার পরামর্শ দেয়া হয়েছে।
জেলা শিক্ষা অফিস থেকে সংগ্রহ করা সম্ভব না হলে, প্রতিষ্ঠানের লেটারহেডে পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর বরাবরে আবেদন করে সে আবেদনের কপি [director@dia.gov.bd](mailto:director@dia.gov.bd) ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইলে পুনরায় প্রতিবেদন পাঠানো হবে বলে জানিয়েছে অধিদফতর।

