পিরোজপুরে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন আহম্মদ সোহেল মঞ্জুর
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আহম্মদ সোহেল মনজুর। তাঁর এই নিয়োগের খবরে পিরোজপুর জেলায় আনন্দের জোয়ার বইছে।পিরোজপুর-২ (কাউখালী–ভান্ডারিয়া–নেছারাবাদ) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তাঁরা মনে করছেন, ‘ঘরের ছেলে’ প্রতিমন্ত্রী হওয়ায় পিরোজপুরের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর-২ আসন থেকে বিজয়ী হওয়ার পর থেকেই বিএনপির মন্ত্রিসভায় আহম্মদ সোহেল মনজুরকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন।দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ প্রত্যাশা করছেন, দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের অবহেলা দূর করে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতে ইতিবাচক পরিবর্তন আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী সামছুল হক দীপু বলেন,আহম্মদ সোহেল মনজুরের পরিবারে বাবা, মা ও চাচাসহ মোট পাঁচজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। তাঁর প্রতিমন্ত্রী হওয়ায় পিরোজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন,
আহম্মদ সোহেল মনজুর একজন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাঁর শিক্ষাদীক্ষা ও পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তির কারণেই তিনি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এতে যেমন দেশ উপকৃত হবে, তেমনি বিএনপির মন্ত্রিসভাও হবে আরও কার্যকর ও শক্তিশালী।

