পিরোজপুরের নেছারাবাদে জমি ক্রয়ের পর প্রতারণা – দখল না দেওয়ার অভিযোগ
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় জমি ক্রয়ের পর প্রতারণা, দখল বুঝিয়ে না দেওয়া এবং হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম (৩৬) নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নেছারাবাদ উপজেলার জিলবাড়ী গ্রামের মৃত আঃ জলিল মিয়ার পুত্র মোঃ রফিকুল ইসলাম একই উপজেলার বিন্না গ্রামের মৃত আসমত আলী মোল্লার ছেলে আমির মাস্টারের কাছ থেকে ১৬ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর তিনি সেখানে মাটি কাটা এবং বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন।পরবর্তীতে তিনি জানতে পারেন, দলিলে উল্লেখিত প্রকৃত জমির পরিবর্তে বিক্রেতা তাকে ভিন্ন একটি জমি দেখিয়ে সেখানে কাজ করার অনুমতি দিয়েছিলেন। অভিযোগে উল্লেখ করা হয়, দলিল অনুযায়ী নির্ধারিত জমিতে ঘর নির্মাণ ও দখল বুঝে নিতে গেলে আমির মাস্টার এবং তার ভাই নূরুল হক মাওলানা তাকে গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন।ভুক্তভোগীর অভিযোগে আরও বলা হয়, ক্রয়কৃত জমির দখল বুঝিয়ে দিতে বিবাদীরা বাধা সৃষ্টি করছে। স্থানীয়ভাবে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তিনি নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন বলেও অভিযোগে উল্লেখ করেন। সংশ্লিষ্ট জমিটি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোনারখোপ মৌজায় অবস্থিত।এ বিষয়ে ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম বলেন, “আমি আমার ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করলেও বর্তমানে সেখানে বসবাস করতে বাধা দেওয়া হচ্ছে। আমি বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাদের পাওয়া যায়নি।এ প্রসঙ্গে নেছারাবাদ (স্বরূপকাঠী) থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

