তারাকান্দায় অবাধে মাদক বেচাকেনা হিড়িক, আতঙ্কে জন সাধারণ দেখার মতো কেউ নেই

​মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।
​ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অবাধে মাদকদ্রব্যের বেচাকেনা চলছে। তাই দিন দিন মাদকাসক্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর। মাদকের প্রভাবে এলাকায় চুরি, ছিনতাই, রাহাজানিসহ বিভিন্ন ধরনের অপরাধ ক্রমেই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তারাকান্দা উপজেলার কোদালধর, কাশিগঞ্জ, কামারগাঁও, হরিয়াগাই, মাঝিয়ালী, বটতলা, কাকনী, তারাকান্দা শ্মশানঘাট, গোয়াতলা ও দাদরা বালিখাঁসহ বিভিন্ন এলাকায় অবাধে গাঁজা, ইয়াবাসহ নানা ধরনের মাদকদ্রব্য বেচাকেনা চলছে। হাত বাড়ালেই মিলছে মাদক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মাঝে অভিযান পরিচালনা করলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না এই অবৈধ ব্যবসা।

​রাত নামলেই মাদকাসক্তরা মাদক সংগ্রহের জন্য ব্যবসায়ীদের কাছে ভিড় জমায়। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও মাদকাসক্ত হয়ে পড়ছে, যা সমাজের জন্য মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাদকের প্রভাবে অপরাধপ্রবণতা বাড়ার সাম্প্রতিক উদাহরণ হিসেবে গত ১৫ই জানুয়ারি উপজেলার বেরুয়া এলাকা থেকে খুন-জখমের ভয় দেখিয়ে একটি সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়াও রূপচন্দ্রপুর, পূর্ব পাগলি, গোয়াতলা বালিখাঁ মধ্যপাড়া মটর চুরি সহ বিভিন্ন এলাকায় নিয়মিত চুরির ঘটনা ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

​এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, গত এক মাসে ১০ জন মাদক ব্যবসায়ীকে বিপুল মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিষয়ে পুলিশ জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। এলাকাবাসীর দাবি, মাদকের কারবার ও মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর ও নিয়মিত অভিযান জোরদার করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এদের ব্যবহার করে একটি মহল নাশকতা ঘটাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন মহলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *