৮ দফা দাবি আদায়ে ঝিনাইদহে এটিআই শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা- ৮ দফা দাবি আদায়ে ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)-এর শিক্ষার্থীরা ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় ৯ মাস আগে কৃষি ও শিক্ষা উপদেষ্টা তাদের দাবি মেনে নিলেও এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি বা কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—উচ্চ শিক্ষার জন্য সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, ১০ম গ্রেড বাস্তবায়ন, শিক্ষক সংকট নিরসনসহ মোট ৮ দফা। দাবি বাস্তবায়নে দীর্ঘদিন অপেক্ষার পর বাধ্য হয়েই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানান শিক্ষার্থীরা।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে প্রায় তিন শতাধিক যানবাহন আটকে পড়ে, ফলে যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল ও হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সড়ক অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা শিক্ষার্থীদের অনুরোধ করলে তারা মহাসড়ক ছেড়ে দেন।
এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে বিক্ষোভ চালিয়ে যান। একপর্যায়ে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে শিক্ষার্থীরা দিনের কর্মসূচি স্থগিত করেন।
শিক্ষার্থীরা দ্রুত তাদের দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।##

