ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় ২০ বছর বয়সী মেডিকেল পরীক্ষার্থী নিহত
মোঃ সুরুজ – ঝিনাইদহ প্রতিনিধি। ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় তামান্না ইয়াসমিন নামে এক মেডিকেল পরীক্ষার্থী নিহত হয়েছেন। যার বয়স অনুমানিক ২০ বছর। রবিবার ১৪ ডিসেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামান্না ইয়াসমিন কোটচাঁদপুর উপজেলা ২ নং দোড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি সরকারি কেশবচন্দ্র কলেজের ছাত্রী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তামান্না ঝিনাইদহে পাগলাকানায় এলাকার একটি মেসে থেকে লেখাপড়া করতেন। গতকাল পরীক্ষা শেষে তিনি বাড়িতে যান। কিন্তু দুঃখের বিষয় গতরাতেই মেসের মালিক মারা যান। সে খবর পেয়ে বাবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মৃত ব্যক্তিকে দেখতে যান তামান্না। সেখান থেকে ফেরার পথিমধ্যে দুর্ঘটনাটি ঘটে।
নিহতের বাবা আব্দুল মান্নান জানান, পাগলাকানায় গ্রামবাংলা স্ট্যান্ড ও ব্যাকা ব্রিজের মাঝামাঝি একটি স্থানে, আলমসাধু ও ইজিবাইক পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এ সময় তামান্নার গলায় থাকা ওড়না মোটরসাইকেলের চাকার সঙ্গে জড়িয়ে গেলে পড়ে যান তামান্না।
দুর্ঘটনার পর পর স্থানীয়রা দ্রুত তামান্না ও তার বাবাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তামান্না ইয়াসমিন মারা যান। তবে তার বাবা আব্দুল মান্নান এখোনো গুরুতর আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত তামান্নার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে

