খুবির ভাস্কর্য ডিসিপ্লিনের শিক্ষক শেখ সাদী ভূঁঞার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ শেখ সাদী ভূঁঞার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ ১০ ডিসেম্বর (বুধবার) দুপুর ১২টা ৩০ মিনিটে চারুকলা স্কুলের আঙিনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।
তিনি বলেন, শিক্ষক শেখ সাদী ভূঁঞা একজন সহজ-সরল মানুষ ছিলেন। ভাস্কর হিসেবে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। শিল্পীর মৃত্যু হলেও শিল্পের মৃত্যু হয় না, তাই শেখ সাদী ভূঁঞা তাঁর শিক্ষার্থী ও কর্মের মাধ্যমে আজীবন বেঁচে থাকবেন। এছাড়াও সহকর্মীদের স্মৃতিচারণের মাধ্যমে তাঁর স্মৃতি সবসময় অম্লান থাকবে।
ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান শান্তনু মন্ডলের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান (চলতি দায়িত্ব) ড. আবু কালাম শামসুদ্দিন এবং প্রিন্টমেকিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। স্বাগত বক্তব্য রাখেন ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ আমিনূল ইসলাম।
স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন প্রয়াত শেখ সাদী ভূঁঞার সহধর্মিণী কামরুন নাহার। অ্যালামনাইদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রিতম রায়। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ’২১ ব্যাচের অর্ণব সাহা হৃদয়।
স্মরণ সভায় বক্তারা বলেন, শেখ সাদী ভূঁঞা ছিলেন খুলনা অঞ্চলের শিল্পচর্চার অন্যতম পথিকৃৎ। তাঁর সৃষ্টিশীল কর্ম ও বিভিন্ন গ্রন্থের মাধ্যমে তিনি স্মরণীয় হয়ে আছেন। তিনি কখনও আত্মকেন্দ্রিক ছিলেন না। খুলনার নাগরিক সমাজেও তাঁর গ্রহণযোগ্যতা ছিল। তিনি শিশুদের খুব ভালোবাসতেন। তাঁর মতো একজন গুণী শিল্পীকে হারিয়ে শিল্পাঙ্গণে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। নতুন প্রজন্মের মাঝে তাঁর চিন্তা-চেতনা ও সৃজনশীলতাকে ছড়িয়ে দিতে তাঁর শিল্পকর্ম সংরক্ষণ করা প্রয়োজন।
এর আগে শেখ সাদী ভূঁঞার শিল্পকর্ম সংরক্ষণের জন্য সংগ্রহশালা উদ্বোধন করা হয়। এছাড়াও তাঁর শিল্পকর্ম প্রদর্শনী ও কর্মশালা উদ্বোধন এবং কর্মময় জীবনের ওপর ডকুমেন্টারি প্রদর্শিত হয়। স্মরণ সভার শুরুতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসব অনুষ্ঠানে চারুকলা স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *