পিরোজপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে পিরোজপুর দুদক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রমের সূচনা হয়।
সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিরোজপুর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে একই মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোঃ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান নাসিম আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামিম সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলাম। বক্তারা দুর্নীতি প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং সততা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

