মহেশপুরে স্বর্ণের বারসহ বিজিবির হাতে আটক ২

মশিয়ার রহমান টিংকু, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি এলাকা থেকে প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা মূল্যের দুই কেজির বেশি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বিজিবি। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন-ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে শ্রী রনজিৎ বিশ্বাস এবং কালীগঞ্জ উপজেলার খোদ্দরায় গ্রামের কার্তিক চন্দ্র বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস।
বিজিবি সূত্র জানায়, ওইদিন বিকেলে কালীগঞ্জ থেকে জীবননগরগামী হাজী ডিলাক্স এক্সপ্রেস বাসে স্বর্ণ পাচারের খবর পায় বিজিবি। খবরের ভিত্তিতে সুবেদার মো. গোলাম মোস্তফার নেতৃত্বে একটি বিশেষ টহল দল কাকিলাদাড়ি বাজার এলাকায় অবস্থান নেয়। পরে বাস তল্লাশির সময় প্রথমে রনজিৎ বিশ্বাসকে আটক করা হয়। তাকে ব্যবহার করে ফাঁদ পেতে কিছুক্ষণ পর সৌরভ বিশ্বাসকেও আটক করে বিজিবি।
তাদের কাছ থেকে চারটি স্বর্ণের বার জব্দ করা হয়, যার মোট ওজন ২ কেজি ৩৩১.৭৯ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার টাকা। আসামিদের একটি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি আরও জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন অভিযানে ৪৯ কেজি ৫০০ গ্রাম ওজনের ৩৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সময় ২৭টি মামলায় ৪১ জন আসামিকে আটক করা হয়। এছাড়া ২০২৪ সালের ৬ আগস্ট থেকে এ পর্যন্ত বিজিবির অভিযানে মোট ১২২.৩১ কেজি স্বর্ণ এবং ৮২ জন আসামি আটক হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *