পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। রোববার সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে বিআরটিএ পিরোজপুর সার্কেল এবং সহযোগিতা করে জেলা প্রশাসন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, বরিশাল বিআরটিএর পরিচালক জিয়াউর রহমান এবং পিরোজপুর বিআরটিএর সহকারী পরিচালক মোবারক হোসেন। এ সময় পিরোজপুর জেলার পাঁচজন ও ঝালকাঠি জেলার নয়জন ভুক্তভোগী পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। এর মধ্যে নিহত পরিবারের জন্য ৫ লাখ টাকা, পঙ্গু হয়ে যাওয়া ব্যক্তিদের জন্য ৩ লাখ টাকা এবং আহতদের জন্য ১ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনার নানান কারণ ও তা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,অনেকেই সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেও সরকারের আর্থিক সহায়তার বিষয়টি জানেন না। তাই এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো জরুরি।”
তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনা হ্রাসে সরকার ইতোমধ্যে নানান পদক্ষেপ নিয়েছে, যা যথাযথভাবে বাস্তবায়ন হলে দুর্ঘটনা কমে আসবে। অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

