পিরোজপুরে ফ্রিজিং করা মাংসে রক্ত মেখে বিক্রি: ১৫ হাজার টাকা জরিমানা

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার: পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ফ্রিজিং করা পুরনো মাংসে বোতলজাত গরুর রক্ত মেখে তা তাজা মাংস হিসেবে বিক্রির অপরাধে এক মাংস ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন এই আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হাসিব মাংসের দোকানের মালিক মোঃ শফিকুল ইসলাম তার কর্মচারীর সহায়তায় ফ্রিজে সংরক্ষিত পুরাতন গরুর মাংস বাইরে ঝুলিয়ে তাজা হিসেবে বিক্রি করছিলেন। এসময় ওই মাংসে বোতলে সংরক্ষিত গরুর রক্ত মেখে তা নতুন বলে উপস্থাপন করা হচ্ছিল।

ভোক্তা প্রতারণার এ অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন বলেন,ফ্রিজ ছাড়া পুরাতন মাংস প্রকাশ্যে ঝুলিয়ে রাখা ও তা বিক্রি করা আইনবিরোধী। এতে মাংসের গুণগত মান নষ্ট হয় এবং তা ভোক্তার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। উপরন্তু বোতলজাত রক্ত মাংসে মাখানো একটি গুরুতর অসদাচরণ। ভবিষ্যতে এ ধরনের প্রতারণা আবারও ঘটলে আরও কঠোর শাস্তি প্রদান করা হবে।

অভিযানে নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান নিয়মিতভাবে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *