মহেশপুরে সেনাবাহিনীতে চাকরি প্রতারণা, ভুক্তভোগীর সাংবাদিক সম্মেলন

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগী পরিবার সাংবাদিক সম্মেলন করেছে।

সোমবার সকালে উপজেলার ফতেপুর গ্রামের আলাউদ্দিন ও তার ছেলে রাকিব হোসেন মহেশপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতারণার বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, নাটিমা গ্রামের মৃত মোহিত আলীর ছেলে আব্দুল খালেক ও তার সহযোগী জাকির, সেনাবাহিনীর (সিভিল) চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে এই অর্থ নেয়।

রাকিব জানান, ভুয়া নিয়োগপত্র দিয়ে তাকে ঢাকায় নিয়ে গিয়ে এক হোটেলে রেখে দেড় মাস পর প্রতারকরা পালিয়ে যায়। পরে পরিবারের কাছ থেকে বিকাশে টাকা নিয়ে হোটেলের বিল মিটিয়ে সে বাড়ি ফিরে আসে।

আব্দুল খালেক নিজেকে সাবেক এমপি সালাউদ্দিন মিয়াজীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তারা। এক বছর ধরে টাকা ফেরত না পেয়ে অবশেষে তারা মহেশপুর থানায় ও ভৈরবা সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে দ্রুত তদন্ত করে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও অর্থ ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *