খুলনায় বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

খুলনা জেলার রূপসা ও দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ মে) বিকালে ও রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রবি, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুজিবর রহমান ঝনো, নৈহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবাদুল ইসলাম, রহিমনগরের বিএনপি কর্মী জহর আলী ও মনা, দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কামাল হোসেন এবং সেনহাটির ইউপি মেম্বর মোহাম্মদ আলী মিন্টু।খুলনা জেলা বিএনপির সভাপতি ও কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক অ্যাড. শফিকুল আলম মনা অভিযোগ করে বলেন, ‘আটককৃত নেতাকর্মীরা কয়েকদিন ধরে কেসিসি নির্বাচনে দলীয় প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছিলেন। পুলিশ তাদেরকে প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত রাখার জন্য গ্রেফতার করেছে।’ তিনি এ গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অবিলম্বে আটককৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

