কবি গোলাম মোস্তফার বাড়িতে উৎসব শৈলকুপার মনোহরপুরে তিন দিনব্যাপী মেলা,কবিতা, গান ও সাংস্কৃতিক আয়োজন

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
বাংলা সাহিত্যের অন্যতম কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে বসছে তিন দিনব্যাপী উৎসব। এ উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত বাড়িতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিষ্কার-পরিচ্ছন্নতা, মঞ্চ নির্মাণ ও সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। উৎসব ঘিরে পুরো গ্রামজুড়ে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস।
দীর্ঘদিন অবহেলা ও অযত্নে পড়ে থাকা কবির স্মৃতিবিজড়িত বাড়িতে এমন আয়োজন ঘিরে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ইতোমধ্যে বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়েছে। অতিথিদের বরণ এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও এগিয়ে চলছে। তিন দিনব্যাপী এ আয়োজনে থাকবে বিভিন্ন পণ্যের দোকান নিয়ে মেলা।
উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর। আয়োজনজুড়ে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি, গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। এতে কবির স্মৃতির আঙিনা হয়ে উঠবে সংস্কৃতিপ্রেমী মানুষের মিলনমেলা।
এ আয়োজনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিন পর কবির পৈতৃক বাড়িতে বড় পরিসরে এমন অনুষ্ঠান হওয়ায় আনন্দিত গ্রামবাসী। তাঁদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে কবি গোলাম মোস্তফার সাহিত্যকর্ম ও অবদান আরও বেশি করে তুলে ধরা সম্ভব হবে।
স্থানীয় বাসিন্দা সিজার জিকরুল বলেন,কবি গোলাম মোস্তফা আমাদের এলাকার গর্ব। তাঁর মতো একজন গুণী মানুষের জন্ম ও স্মৃতিবিজড়িত বাড়ি নিয়ে আমাদের অনেক প্রত্যাশা। আমরা চাই, এ অনুষ্ঠান শুধু তিন দিনের উৎসবে সীমাবদ্ধ না থেকে কবির স্মৃতি সংরক্ষণ ও সাহিত্যচর্চার নতুন পথ তৈরি করুক।
আরেক স্থানীয় বাসিন্দা রমিস বলেন,কবির বাড়িতে এমন আয়োজন হওয়ায় পুরো গ্রামের মানুষ আনন্দিত। তিন দিন ধরে মেলা,গান,কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে আশপাশের এলাকার মানুষও আসবেন। আমাদের প্রত্যাশা, প্রতিবছর এভাবে অনুষ্ঠান আয়োজন করা হবে এবং কবির বাড়িটি যথাযথভাবে সংরক্ষণ করা হবে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *