শিবপুরে প্রকাশ্যে গুলি করে কাঠ ব্যবসায়ীকে হত্যা অভিযুক্তের নাম ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থল পরিদর্শন ওসির
প্রতিনিধি : নরসিংদী
নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তের গুলিতে আলম (৩৫) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীফুলিয়া গ্রামের অনিক নামে এক ব্যক্তির গুলিতে আলম নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগের সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খবর পেয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নরসিংদী জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।
কী কারণে এই হত্যাকাণ্ড, এর পেছনে ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের সংশ্লিষ্টতা ও হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
এদিকে, জনবসতিপূর্ণ এলাকায় এমন হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

