মাদক-গুজব-অপরাধ থেকে দূরে থাকার আহ্বান খুলনার এসপির বটিয়াঘাটা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময়
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ:
মাদক, বাল্যবিবাহ, সামাজিক অপরাধ ও গুজব প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন খুলনার পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ ওমর ফারুক। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই পারে একটি নিরাপদ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় বটিয়াঘাটা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের সঙ্গে এক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আব্দুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান।
শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল হতে হবে। কোনো তথ্য যাচাই না করে প্রচার করা কিংবা গুজব ও অপপ্রচারে জড়িয়ে পড়া থেকে বিরত থাকতে হবে। মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে শিক্ষার্থীদের নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে হবে।
তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলিতে নিজেদের গড়ে তুলতে হবে। নিয়মিত পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যতের জন্য নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে। কোথাও কোনো অপরাধ বা অনিয়মের ঘটনা চোখে পড়লে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোরও আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ওসি এসএম মিজানুর রহমান শিক্ষার্থীদের আইন মেনে চলা, অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতন নাগরিক হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের শিক্ষক বিকাশ মন্ডল, রঞ্জু মিত্র, বাসন্তী দাশ, পুতুল রায়, সেবক বিশ্বাস, সুকুমার বৈরাগী, দীপক মল্লিক, পীযূষ রায়, হরিচাঁদ কুণ্ড, বিপ্লব সাহা, সুরজিৎ রায়, কুমারেশ চন্দ্র সরকার ও প্রবীর কুমার সেনসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
মতবিনিময় সভায় শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন করার পাশাপাশি পুলিশ ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখতে এবং আইন মেনে চলা, সামাজিক দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে ইতিবাচক ভূমিকা রাখবে

