বটিয়াঘাটায় স্কুলছাত্রী নিখোঁজ, অপহরণের দাবি ও পরিবারকে প্রাণনাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় পূর্ববিরোধের জেরে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। মেয়েকে খুঁজতে গেলে পরিবারের সদস্যদের প্রাণনাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তার মা নাসরিন বেগম। এ ঘটনায় বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা অভিযোগকারীর প্রতিবেশী এবং তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। অভিযোগকারীর দাবি, তাঁর মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করা হতো। এমনকি স্কুলের সামনেও অভিযুক্তদের অবস্থান করতে দেখা যেত।
লিখিত অভিযোগে বলা হয়েছে, মেয়েকে খুঁজতে অভিযুক্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের কয়েকজন হুমকি দেন। গত ১৭ নভেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে ফোন করে বিষয়টি প্রকাশ্যে আনলে কিংবা থানায় অভিযোগ করলে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে নিখোঁজ হওয়ার সময় স্কুলছাত্রী হাবিবার গলায় প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন এবং কানে চার আনা ওজনের এক জোড়া স্বর্ণের দুল ছিল বলে জানিয়েছেন তাঁর মা। এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৪৮ হাজার টাকা।
অভিযোগে সোহান শেখ (১৪), সাইদুল্লা শেখ (৪০), রুলি বেগম (৩৫) ও শাকিল শেখ (১৭)-এর নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর বাড়ি উপজেলার কল্যাণনগর এলাকায়।
ঘটনার সুষ্ঠু তদন্ত, নিখোঁজ স্কুলছাত্রীকে দ্রুত উদ্ধারের উদ্যোগ এবং অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নাসরিন বেগম।
এ ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ, স্কুলছাত্রীকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

