গোবিন্দ বাড়ৈয়ের রহস্যজনক মৃত্যু: পরিবারের নীরবতা ঘিরে বাড়ছে কৌতূহল

মৃত্যুর দুই মাসেও উদঘাটন হয়নি রহস্য, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ—স্থানীয়দের নানা প্রশ্নে ঘনীভূত হচ্ছে রহস্য

সেখ রাসেল | বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা

খুলনার বটিয়াঘাটায় ধনাঢ্য ব্যক্তি গোবিন্দ বাড়ৈয়ের রহস্যজনক মৃত্যুর প্রায় দুই মাস পেরিয়ে গেলেও উন্মোচিত হয়নি মৃত্যুর প্রকৃত কারণ। হত্যা, নাকি অন্য কোনো রহস্য—এ প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। তবে তদন্তের অগ্রগতি, পরিবারের পক্ষ থেকে খোঁজখবর না নেওয়া এবং মৃত্যুর পর কয়েকটি ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। সব মিলিয়ে গোবিন্দ বাড়ৈয়ের মৃত্যু এখনো রহস্যের ঘেরাটোপে।

গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যার দিকে খুলনার বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা, ছিলিন্দামারী এলাকায় গোবিন্দ বাড়ৈয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের তৎপরতায় পরদিন ১৭ সেপ্টেম্বর তাঁর স্ত্রী পলি মল্লিক বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলা করেন। মামলাটি ০৬ নম্বর হিসেবে নথিভুক্ত হয়। এক প্রকার পুলিশের হস্তক্ষেপে মামলা করতে বাধ্য হয়।

ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য সামনে আসেনি। এদিকে বটিয়াঘাটা থানা পুলিশের তদন্ত কার্যক্রম ও ময়নাতদন্তের প্রতিবেদন ঘিরে তৈরি হয়েছে নতুন অপেক্ষা।

বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত)–এর কাছে জানতে চাওয়া হয়, নিহতের স্ত্রী পলি মল্লিক কিংবা মেয়ে পূর্বা বাড়ৈ বাবার মৃত্যুর রহস্য উদঘাটন, ময়নাতদন্তের প্রতিবেদন বা তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন কি না। জবাবে ওসি (তদন্ত) জানান, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্তের প্রতিবেদন কিংবা গোয়েন্দা সংস্থার তদন্তের বিষয়ে কোনো খোঁজখবর নেওয়া হয়নি। বিষয়টি তাঁর কাছেও বিস্ময়কর।

বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। একজন ব্যক্তির রহস্যজনক মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যরা তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে আগ্রহী হবেন—এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিবারের পক্ষ থেকে কোনো খোঁজ না নেওয়ার বিষয়টি স্থানীয়দের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। যদিও শুধু খোঁজখবর না নেওয়ার বিষয়টি দিয়ে কাউকে সন্দেহভাজন বা অপরাধী হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই।

এদিকে গোবিন্দ বাড়ৈয়ের মৃত্যুর পর দ্রুত দাহ সম্পন্ন করা, তাঁর মালিকানাধীন গাছ কেটে বিক্রি করা এবং জমি বিক্রির বিপুল অর্থ থাকার কথা স্থানীয়দের আলোচনায় আসা—এসব বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, গোবিন্দ বাড়ৈয়ের কাছে জমি বিক্রির উল্লেখযোগ্য পরিমাণ অর্থ থাকার কথা জানা গেলেও তাঁর বালিশের নিচ থেকে মাত্র ৪ লাখ ২৫ হাজার টাকা পাওয়ার বিষয়টি নিয়েও রয়েছে অস্পষ্টতা।

সাবেক ওসি মারুফ হোসেন জানিয়েছিলেন, তার শরীরে আচড়েরর দাগের মতো মনে হয়।

পূর্বা কিভাবে জানলো তারা বাবা ঘাটে পড়ে আছে, স্ট্রোক করেছে। কারণ একজন সাক্ষী তার বয়ানে বলেছেন অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ায় গামছে দিয়ে মাথা বেধে দেওয়ার কথা বলেন। সেখানে আঘাতে দাগ। হসপিটালে ডাক্তার জিজ্ঞাসা করলে কি উত্তর দিবেন।

প্রশ্ন উঠছে, ওই টাকা উদ্ধারের পর যথাযথ ফরেনসিক পরীক্ষা করা হয়েছিল কি না, টাকার উৎস ও অন্যান্য আলামত তদন্তে কতটা গুরুত্ব পেয়েছে। দ্রুত দাহ সম্পন্ন এবং গাছ কেটে বিক্রির বিষয়গুলোও তদন্তের প্রয়োজনে যাচাই করা দরকার বলে মনে করছেন স্থানীয়রা।

বটিয়াঘাটা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ওসি (তদন্ত) বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদন অন্যত্র পাঠানো হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন—গোবিন্দ বাড়ৈয়ের মৃত্যু কি নিছক অস্বাভাবিক ঘটনা, নাকি এর পেছনে রয়েছে পরিকল্পিত কোনো অপরাধ? তাঁর মৃত্যুর পরের ঘটনাগুলোতে কোনো যোগসূত্র আছে কি না, কেন এখনো মৃত্যুর রহস্য উন্মোচিত হয়নি এবং তদন্তের গুরুত্বপূর্ণ তথ্যগুলো কী—এসব প্রশ্নের নিরপেক্ষ উত্তর চান এলাকাবাসী।

একজন মানুষের রহস্যজনক মৃত্যুর বিচার ও প্রকৃত ঘটনা উদঘাটন শুধু পরিবারের নয়, রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও দায়িত্ব। তাই ময়নাতদন্তের প্রতিবেদন দ্রুত প্রকাশ, উদ্ধার করা অর্থের ফরেনসিক পরীক্ষা হয়েছে কি না তা যাচাই, সম্পত্তি হস্তান্তর ও গাছ বিক্রির বিষয় তদন্ত এবং পরিবারের বক্তব্য গ্রহণের মাধ্যমে নতুন করে তদন্তের প্রতিটি দিক খতিয়ে দেখার দাবি উঠেছে।

গোবিন্দ বাড়ৈয়ের মৃত্যুর রহস্য কি উন্মোচিত হবে? নাকি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর ছাড়াই আড়ালে থেকে যাবে এই মৃত্যু? এখন সেই অপেক্ষায় এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *