বটিয়াঘাটায় বিএনপি কার্যালয়ে আগুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা।
খুলনার বটিয়াঘাটায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম ও সদস্যসচিব খন্দকার ফারুক হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামরুল ইসলাম, সাইফুর রহমান, আসাবুর রহমানসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দারোগার ভিটায় বিএনপির কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক কার্যালয়ের সামনে থাকা ব্যানারে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

