দুবলার চরে সাগরে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি:
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোল সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সাগরের স্রোতে ভেসে নিখোঁজ হওয়া পর্যটক মো. রিয়াজ আহমেদের (২৬) মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আলোরকোল সমুদ্রতীর থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেন বনরক্ষী ও কোস্টগার্ড সদস্যরা।

নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়া এলাকার আবুল বাশার ঢালীর ছেলে। তাঁর কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহ গ্রহণের জন্য তাঁরা সুন্দরবনের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সুন্দরবন বিভাগ ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে দুবলার চরের আলোরকোল সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামেন রিয়াজ। এ সময় হঠাৎ সাগরের প্রবল স্রোতে ভেসে যান তিনি। পরে তাঁর সন্ধানে সাগর এবং সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেন বনরক্ষী ও কোস্টগার্ড সদস্যরা।

আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার রবিউল ইসলাম মোবাইল ফোনে জানান, শুক্রবার দুপুরে রিয়াজ সাগরের স্রোতে ভেসে যাওয়ার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। দীর্ঘ তল্লাশির একপর্যায়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে আলোরকোলের সাগরতীর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, রিয়াজ বন্ধুদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন। শুক্রবার সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে অনুমতি নিয়ে একটি বোটে তাঁরা সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন। পরে দুপুরের দিকে শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে পৌঁছে সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। সেখানেই সাগরের স্রোতে ভেসে নিখোঁজ হন রিয়াজ।

এদিকে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, আলোরকোল সমুদ্রসৈকত থেকে সাগরে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বন্ধুদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসে এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে স্বজন ও পরিচিতজনদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *