ঠাকুরগাঁওয়ে জেলা ইজতেমা শেষ: আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিমের শান্তি ও সমৃদ্ধি কামনা

জসীম উদ্দীন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত তাবলিগ জামাতের জেলা ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে মোনাজাত শুরু হয় এবং তা চলে প্রায় ১৫ মিনিট। মোনাজাতে বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি, হেদায়েত ও নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরুব্বি ও তাবলিগ জামাতের জ্যেষ্ঠ দায়িত্বশীল মাওলানা বোরহান উদ্দিন।

এর আগে সকাল থেকেই জেলার গোবিন্দনগরে ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের পাশে প্রয়াত আনোয়ার হোসেন লাল মিয়ার পুরোনো ইটভাটার মাঠে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হতে থাকেন। সময় বাড়ার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের উপস্থিতিতে পুরো ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ইজতেমা মাঠের নির্ধারিত স্থানে নারী ও শিশুদেরও উপস্থিত থাকতে দেখা যায়।

আয়োজক কমিটি ও স্থানীয়দের মতে, এবারের আখেরি মোনাজাতে ১০ হাজারের বেশি মুসল্লি অংশ নিয়েছেন। ভাবগম্ভীর পরিবেশ ও বিশ্ব মুসলিমের কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হয় এবারের ঠাকুরগাঁও জেলা ইজতেমার ৩ দিনের নানা আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *