কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ: চাচার বিরুদ্ধে তিন ভাতিজাকে কুপিয়ে জখমের অভিযোগ দুই ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক, ঢাকার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন

বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)

গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিন ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আপন চাচা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আহতদের মধ্যে দুই ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের মোস্তফা পাঠানের পরিবারের সঙ্গে তাঁর আপন চাচা নাজিম উদ্দিন পাঠানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

গত বুধবার (২৯ অক্টোবর) সকালে মোস্তফা পাঠান ও তাঁর দুই ভাই চাষাবাদের কাজে বাড়ির পাশের নিজেদের জমিতে যাচ্ছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে নাজিম উদ্দিন পাঠানের নির্দেশে তাঁর ছেলে নাজমুল, সোহেল, স্ত্রী হাজেরা, পুত্রবধূ শান্তা ও মুক্তিসহ অভিযুক্তরা দা, ছেনা, রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় মোস্তফা পাঠান, রুহুল পাঠান ও শরীফ পাঠান শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত তিন ভাইকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শরীফ ও রুহুল পাঠানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক।

এ ঘটনায় ভুক্তভোগী মোস্তফা পাঠান বাদী হয়ে নাজিম উদ্দিন পাঠান, নাজমুল পাঠান, সোহেল পাঠান, নাজিম উদ্দিনের স্ত্রী হাজেরা, নাজমুলের স্ত্রী শান্তা ও সোহেলের স্ত্রী মুক্তিসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে কালীগঞ্জ থানায় ২৮(১০)২৬ নম্বর মামলা দায়ের করেন।

অভিযুক্তদের বক্তব্য জানতে তাঁদের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। পরে তাঁদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ করিম খান বলেন, “আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *