ককটেল বিস্ফোরণের মামলায় সুন্দরগঞ্জের আওয়ামী লীগ এর ইউনিয়ন সাধারণ সম্পাদক মজিবর রহমান গ্রেপ্তার….

মো: মাইদুল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় মো. মজিবর রহমান মজি (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মজিবর রহমান মজি উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের আকবর আলীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেলকা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর ভোরে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় চার মিনিটের ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ওই দিনই সুন্দরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫-উ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪/৫ ধারায় মামলা হয়। মামলার তদন্তে আওয়ামী লীগ নেতা মজিবর রহমান মজির সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

পরে শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫ মিনিটে সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলকা ইউনিয়নের একতা বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *