লং মার্চের পথসভায় যোগ দিতে আজ ঝিনাইদহে ডা. শফিকুর রহমান, প্রস্তুত চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড
সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-
১১ দলীয় জোটের লংমার্চের অংশ হিসেবে আজ শনিবার (৩১ অক্টোবর) ঝিনাইদহে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিকেল ৪টায় ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে আয়োজিত লংমার্চের পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এ সময় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা, খুলনা ও যশোর জেলা সফর শেষে শনিবার বিকেল ৪টার দিকে ঝিনাইদহে পৌঁছাবেন ডা.শফিকুর রহমান। চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্য প্রদান শেষে তিনি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হবেন।
বিরোধীদলীয় নেতার আগমন ও লংমার্চের পথসভাকে কেন্দ্র করে ঝিনাইদহে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পথসভায় ১১ দলীয় জোটের নেতাকর্মী, ঝিনাইদহ-২, ৩ ও ৪ আসনের সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর বলেন, লংমার্চের পথসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য আমরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি আশা করছি।##

