খুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রংমিস্ত্রি আহত, টাকা ও মোবাইল লুটের অভিযোগ
খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীতে ছিনতাইকারীদের হামলায় রাসেল (৩২) নামে এক রংমিস্ত্রি আহত হয়েছেন। এ সময় তাঁর কাছ থেকে নগদ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সদর থানাধীন পূর্ব বানিয়াখামার এলাকায় খাদিমুল মাদ্রাসার পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।
আহত রাসেল লবণচরা থানাধীন পুটিমারি রেলব্রিজ এলাকার বাসিন্দা। তাঁর বাবা আবুল কালাম শেখ।
প্রাথমিক তথ্য ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, রাসেল ওই গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় ৬ থেকে ৭ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাম হাতের বাহুতে আঘাত করে। পরে তাঁর কাছে থাকা নগদ ৬০০ টাকা ও একটি ভিভো ভি-২০ মডেলের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহত রাসেলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ৮টার দিকে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের পরিচয় ও গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

