খুলনায় মায়ের সামনে গুলি করে যুবতীকে হত্যা, ঘাতকদের ধরতে অভিযান
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার লবণচরা থানাধীন জিন্নাহপাড়া বউবাজারের ৭ নম্বর গলিতে সন্ত্রাসীদের গুলিতে খুশি বেগম (২৩) নামে এক যুবতী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খুশি তাঁর মায়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন মিরাজ বলে পরিচিত। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন তাঁর মাকে ‘আন্টি’ বলে সম্বোধন করে কুশল বিনিময় করেন। এরপর খুশিকে ‘আপু’ বলে কথা বলার পরপরই অস্ত্র বের করে গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি খুশির মাথা ও বুকে গুলি করে সহযোগীসহ পালিয়ে যান। পরে স্বজন ও স্থানীয়রা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, মিরাজ আশিক গ্রুপের শীর্ষ শুটার।
নিহত খুশি স্থানীয় বাসিন্দা সুমন সরদার ওরফে ব্লেড বাবুর স্ত্রী এবং দুই সন্তানের জননী। তাঁর ও স্বামীর বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট মামলা থাকার কথা পুলিশের বক্তব্যে উল্লেখ করা হয়েছে। তবে কোনো মামলা থাকা মানেই সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন—এমন নয়। এ ছাড়া মাদক-সংশ্লিষ্ট অভিযোগের সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্তসাপেক্ষ।
হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয়। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের পদক্ষেপ এবং ঘটনার নেপথ্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
খুলনায় একের পর এক হত্যা, গুলি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে। অস্ত্রধারী ও বিভিন্ন হত্যা মামলার আসামিরা গ্রেফতার হয়ে অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে আসছেন। এসব আসামি উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে অপরাধ ও হত্যাকাণ্ডে জড়াচ্ছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনায় ৭৬ হত্যাকাণ্ড ঘটেছে, যা জনমনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। কারণ একদিন কিংবা দুদিন পরই ঘটছে হত্যাকাণ্ড।

