চট্টগ্রামে খুলশী থানা পুলিশের অভিযান: অপহরণ ও ডাকাতি মামলার ৪ আসামি গ্রেপ্তার, উদ্ধার ৩ মোটরসাইকেল
চট্রগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর খুলশী থানা পুলিশের অভিযানে অপহরণ ও ডাকাতি মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার (২০ অক্টোবর) বায়েজিদ লিংক রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মামলার ১ নম্বর আসামি অনিক দাশকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়। এ নিয়ে মোট চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা এলাকার গৌতম দাশের ছেলে অনিক দাশ (২৭), যিনি বান্দরবান জেলা পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত; বায়েজিদ বোস্তামী থানার পাঠানপাড়া, ওয়াজেদিয়া অক্সিজেন এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে ওয়াহিদ মোহাম্মদ জেবল হোসেন অনিক ওয়াহিদ (৩৯); ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকার আবু আহম্মেদের ছেলে মহিউদ্দিন সেলিম (৫২), যার বর্তমান ঠিকানা পাঁচলাইশ মেডিকেলের সামনে বিটিআই নিউ হ্যাভেন ভবন; এবং হালিশহর থানার ফইল্লাতলি বাজার এলাকার নাছির উদ্দিনের ছেলে মোহাম্মদ ওয়াহেদ নাছির ডায়মন্ড (৩৮)।
পুলিশ জানায়, এ ঘটনায় খুলশী থানায় মামলা নং-২৯, তারিখ ২০ অক্টোবর ২০২৬, দণ্ডবিধির ৩৬৫/৩৯৫/৩৯৭/৪১২ ধারায় মামলা রুজু করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

