ঝিনাইদহে স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ, সাবেক স্বামী গ্রেপ্তার
সাইফুল ইসলাম ,ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহে এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে তাঁর সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিক্ষিকা লতিফা খাতুন (৩১) এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত পলাশ হোসেন (৩২) শৈলকুপা উপজেলার গাবলা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ঝিনাইদহের একটি চক্ষু হাসপাতালে কর্মরত বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক সম্মতিতে পলাশের সঙ্গে লতিফার বিয়ে হয়। প্রায় ছয় বছর সংসার করার পর গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পলাশ তাঁকে তালাকের নোটিশ পাঠান। তাঁদের সংসারে ওয়াজিহা নামে দুই বছর তিন মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়, তালাকের পর শিশুকন্যার সঙ্গে দেখা করার অজুহাতে পলাশ প্রায়ই ঝিনাইদহ শহরের পাগলাকানায় বেকাব্রিজ-সংলগ্ন একটি ভাড়া বাসায় যেতেন। এ সময় তিনি লতিফার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করতেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সর্বশেষ গত ১১ অক্টোবর রাত ৮টার দিকে শিশুকন্যাকে নিয়ে শয়নকক্ষে থাকা অবস্থায় পলাশ কৌশলে ঘরে প্রবেশ করে লতিফাকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় লতিফার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হওয়ার আগেই অভিযুক্ত ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়।
পরে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে নিয়ে লতিফা ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত পলাশকে গ্রেপ্তার করেছে। ##

