বটিয়াঘাটায় নারীর রহস্যজনক মৃত্যু, ছেলেকে ঘিরে এলাকায় নানা গুঞ্জন
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী এলাকায় সুচিত্রা বরকন দাস (৫৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সরকারি চক্রাখালী স্কুলের পেছনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত সুচিত্রা বরকন দাস জলমা চক্রাখালী গ্রামের সুখদেব বরকন দাসের স্ত্রী।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহতের ছেলে মৃত্যুঞ্জয় বরকন দাস (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত—এমন অভিযোগ রয়েছে। মাদক সেবনকে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে পারিবারিক বিরোধ ও ঝগড়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এমনকি মৃত্যুর দিনও মা ও ছেলের সঙ্গে কথা কাটাকাটি এবং মায়ের গায়ে হাত পর্যন্ত তুলেছে বলে জানা যায়। তবে সুচিত্রা বরকন দাসের মৃত্যুর সঙ্গে মৃত্যুঞ্জয়ের সরাসরি সম্পৃক্ততার কোনো বিষয় এখনো প্রমাণিত হয়নি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে মা-ছেলের মধ্যে কোনো বিষয় নিয়ে বিরোধের ঘটনা ঘটে বলে জানা যায়। পরে রাতে বাড়িতে ফিরে মৃত্যুঞ্জয় তার মাকে মৃত অবস্থায় দেখতে পান বলে জানা গেছে। এরপর তিনি ভয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
বিষয়টি জানাজানি হলে নিহতের স্বামী সুখদেব বরকন দাস আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। মৃত্যুঞ্জয় বরকন দাসের সঙ্গে কী ঘটেছিল এবং তিনি কোথায় রয়েছেন, সে বিষয়েও পুলিশ খোঁজ নিচ্ছে বলে জানা গেছে।
এদিকে, মৃত্যুকে ঘিরে এলাকায় নানা ধরনের গুঞ্জন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কেউ কেউ মৃত্যুঞ্জয়ের সঙ্গে ঘটনার যোগসূত্রের আশঙ্কা প্রকাশ করলেও, তার হাতে সুচিত্রা বরকন দাসের মৃত্যু হয়েছে—এমন কোনো তথ্য বা প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
সুচিত্রা বরকন দাস কীভাবে মারা গেছেন—এটি হত্যাকাণ্ড, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
তবে প্রশাসনকে এমন কোন দেওয়া উচিত নয়, যাতে প্রশাসন নানমূখী তদন্ত করতে গিয়ে মূল কারণ উদঘাটনে বিলম্ব করে ফেলে। পরবর্তী আপডেট জানতে পত্রিকার পাতায় চোখ রাখুন।

