পিরোজপুরে ডিবি’র অভিযানে ২০০ পিস ইয়াবা ও ২ লাখ টাকা উদ্ধার, যুবক গ্রেপ্তার

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর:
পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মো. লিমন হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় রবিউল হাওলাদার (৩৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামের একটি বসতঘরে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়।গ্রেপ্তার লিমন হোসেন সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা। অপর আসামি রবিউল হাওলাদার ভৈরমপুর গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুবের তত্ত্বাবধানে এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টা ৫ মিনিটের দিকে খবর পাওয়া যায়, ভৈরমপুর গ্রামের রবিউল হাওলাদারের বসতঘরে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে রাত ৯টা ২০ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি দল সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ লিমন হোসেনকে আটক করতে সক্ষম হলেও অপর ব্যক্তি পেছনের দিক দিয়ে পালিয়ে যান।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক লিমন হোসেন পালিয়ে যাওয়া ব্যক্তির নাম রবিউল হাওলাদার বলে জানান। তিনি আরও জানান, রবিউলের কাছ থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।পরে লিমন হোসেনের দেহ তল্লাশি করে তাঁর পরিহিত ট্রাউজারের ডান পকেটে থাকা একটি নীল রঙের জিপার থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রবিউল হাওলাদারের বসতঘরের ওয়ারড্রবের ড্রয়ারে অভিযান চালিয়ে আরও ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা ২০০ পিস ইয়াবার প্রতি পিস ৪০০ টাকা হিসেবে আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।এ ঘটনায় ডিবি পুলিশের এসআই পলাশ বিশ্বাস বাদী হয়ে লিমন হোসেন ও পলাতক রবিউল হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামি রবিউল হাওলাদারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব জানান, পিরোজপুরে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক সেবন, ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *