পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান শেষে ফেরার পথে ব্রিজ ভেঙে খালে, আহত ৪ অল্পের জন্য রক্ষা পেলেন জেলা প্রশাসকসহ কর্মকর্তারা

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর:
পিরোজপুরে সরকারি খাল দখলমুক্ত ও ডেঙ্গু মোকাবিলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন শেষে ফেরার পথে একটি পুরোনো ব্রিজ ভেঙে খালে পড়ে চারজন আহত হয়েছেন। এ সময় ব্রিজের শেষ প্রান্তে থাকা জেলা প্রশাসক আবু সাঈদ, পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখারুল ইসলাম শামীমসহ অন্যান্য কর্মকর্তারা অল্পের জন্য রক্ষা পান।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর পৌরসভার পিটিআই সংলগ্ন বৌদ্ধপাড়া খালের ওপর এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—পিরোজপুর পৌরসভার সার্ভেয়ার সুপতি হালদার চঞ্চল, স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক ও জিটিভির পিরোজপুর প্রতিনিধি নাঈম তালুকদার, সংগঠনটির সহসভাপতি জুবায়ের আল মামুন এবং সমাজসেবী গাজী কামরুজ্জামান শুভ্র।
জানা গেছে, ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সরকারি খাল দখলমুক্ত করার লক্ষ্যে শনিবার সকাল ৯টা থেকে জেলা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অভিযান শুরু হয়। অভিযানের অংশ হিসেবে শিকারপুর এলাকার নাপিতখালী খাল, পুলিশলাইন সড়কের কুমারখালী খাল এবং পিটিআই-বৌদ্ধপাড়া সংলগ্ন খালে দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে জেলা প্রশাসক আবু সাঈদ, পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পিটিআই সংলগ্ন বৌদ্ধপাড়া খালের মোহনা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ফেরার পথে খালের ওপর থাকা পুরোনো ব্রিজ দিয়ে কয়েকজন পার হওয়ার সময় হঠাৎ ব্রিজটির একটি অংশ ভেঙে পড়ে। এতে চারজন খালে পড়ে আহত হন।এ সময় জেলা প্রশাসক ও পৌর প্রশাসক ব্রিজের শেষ প্রান্তে অবস্থান করছিলেন। ব্রিজের অংশ ভেঙে পড়লেও তারা কোনো রকমে রক্ষা পান এবং খালে পড়েননি।দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন নিজেই পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে একজনকে ভর্তি করা হয়েছে এবং বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং এনএসআইয়ের যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান। তারা আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
স্থানীয়রা জানান, খালের ওপর থাকা পুরোনো ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। দুর্ঘটনার পর জেলার ঝুঁকিপূর্ণ ব্রিজ ও কালভার্টগুলো দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *