গাজীপুরের কালিয়াকৈরে ঠাকুরপাড়ার নাগচালায় মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক (দপ্তর সম্পাদক), কালিয়াকৈর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া নাগচালা গ্রামে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারী ও মাদক সেবনরত দুই যুবককে আটক করেছে। স্থানীয় প্রাপ্ত খবরের ভিত্তিতে শনিবার কালিয়াকৈর থানা পুলিশ এই সফল অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরপাড়া নাগচালা গ্রামের চিহ্নিত মাদককারবারি সন্তোষের বাড়িতে মাদকের কেনাবেচা ও সেবন চলছে—এমন খবর পেয়ে কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে সন্তোষের স্ত্রীর কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সময় হাতেনাতে গাঁজা সেবন অবস্থায় জাহাঙ্গীর ও তার এক সঙ্গীকে আটক করে পুলিশ।
অভিযান সম্পর্কে কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাঁদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সমাজকে মাদকমুক্ত রাখতে কালিয়াকৈর থানা পুলিশের মাদকবিরোধী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

