পিরোজপুরে ৪০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম আইসসহ একাধিক মাদক মামলার আসামি গ্রেপ্তার
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর: পিরোজপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ)সহ মো. মিরাজ শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, মিরাজ শেখের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট নয়টি মামলা রয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে পিরোজপুর পৌরসভার দক্ষিণ কৃষ্ণনগর এলাকার একটি বসতঘরের শয়নকক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ওই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।রোববার সকাল ১১টায় পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মিরাজ শেখ পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ ডুমুরিতলা এলাকার মৃত আবুয়াল শেখের ছেলে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে এসআই কামরুল, এএসআই এফরান, এএসআই আনিসসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে উদ্ধার হওয়া ৪০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম আইস বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মিরাজ শেখ ও উদ্ধার করা মাদকদ্রব্য বর্তমানে সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আরও জানান, মিরাজ শেখের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা, মানিকগঞ্জ সদর, ঢাকা মহানগরের দারুস সালাম ও পল্টন, কক্সবাজারের টেকনাফ ও রামু এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট নয়টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

