মতলব দক্ষিণে বিকেএ’র বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

মোঃ খোরশেদ আলমঃ
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকেএ) মতলব দক্ষিণ উপজেলা শাখার কেন্দ্র-২-এর উদ্যোগে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় মতলব দক্ষিণ উপজেলার লাক শিবপুরে মর্নিংসান কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ফারুক আহমেদ বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও নায়েরগাঁও এলাকার মোঃ মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ফারুক আহমেদ বাদল বলেন, কিন্ডারগার্টেনগুলো প্রাথমিক শিক্ষার ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএ মতলব দক্ষিণ উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুর রব পাটোয়ারী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন মৃধা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিকেএ মতলব দক্ষিণ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও প্রভাষক মোঃ আশরাফুল জাহান শাওলিন।

প্রধান বক্তার বক্তব্যে মোঃ আশরাফুল জাহান শাওলিন কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার উদ্দেশ্য নয়; নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জন করতে হবে। তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে থেকে বই পড়া, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের পরামর্শ দেন।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানের ওপর অতিরিক্ত ফলাফলনির্ভর চাপ না দিয়ে তার প্রতিভা, আগ্রহ ও মানসিক বিকাশের দিকে নজর দিতে হবে। সন্তানকে অন্যের সঙ্গে তুলনা না করে উৎসাহ, ভালোবাসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ শিক্ষাজীবনের ভিত্তি। এ পর্যায়ে শিক্ষার্থীর ভাষা, গণিত, আচরণ, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের যে ভিত্তি তৈরি হয়, তা পরবর্তী শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেনগুলোও দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষার বিস্তার ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তাই শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক, প্রতিষ্ঠান পরিচালক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় সংগঠনের প্রচার সম্পাদক তানভীর আহমেদ, ক্রীড়া সম্পাদক শান্ত দাস, হারুনুর রশিদসহ বিভিন্ন কিন্ডারগার্টেনের পরিচালক ও প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও মানসম্মত প্রাথমিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে ২৫৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে বৃত্তির অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *