বিয়ের প্রলোভন ও প্রেমের ফাঁদে ফেলে এক নাবালিকা মাদরাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষ/ণের অভিযোগ।
মশিউর রহমান ঃ
পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউনিয়নে বিয়ের প্রলোভন ও প্রেমের ফাঁদে ফেলে এক নাবালিকা মাদরাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষ/ণের অভিযোগে মো. আখিনুর নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে আখিনুরকে প্রধান আসামি করে পঞ্চগড় সদর থানায় মামলা করেছেন। গ্রেপ্তার আখিনুর চাকলা ইউনিয়নের কদমতলী এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। আখিনুর একই মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। মাদরাসায় যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে সে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায়ে গত ৭ মে রাতে বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে তার সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ ওঠে।
পরবর্তীতে শারীরিক অবস্থার পরিবর্তন হলে গত ৫ সেপ্টেম্বর কিশোরীকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় সে ১৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। পরে পরিবারের সদস্যদের কাছে আখিনুরের সঙ্গে সম্পর্কের বিষয়টি জানায় সে।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর মামলা দায়ের করা হয় এবং প্রধান আসামি আখিনুরকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে আসামির বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন তার চাচা। তার দাবি, আখিনুরের জন্ম ২০১২ সালের ২৪ ফেব্রুয়ারি এবং মামলার এজাহারে তার বয়স ১৯ বছর উল্লেখ করা হয়েছে। বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।
পঞ্চগড় সদর থানার ওসি মকলেছুর রহমান জানান, ভুক্তভোগীর বক্তব্য নেওয়ার পর মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

