পিরোজপুরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকা উদ্ধার, নাবিক গ্রেপ্তার

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর:
পিরোজপুরের জিয়ানগর উপজেলার কচা নদীতে টগড়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি এলপিজি জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১ লাখ ১৮ হাজার ৭৪৫ টাকা উদ্ধার করেছে ইন্দুরকানি থানা পুলিশ। এ ঘটনায় জাহাজের এক নাবিককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং ইন্দুরকানি থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে থানার একটি চৌকস দল বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে কচা নদীর টগড়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় এমবি ডেল্টা এলপিজি-১ জাহাজে তল্লাশি চালিয়ে ২৩৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির সর্বমোট ১ লাখ ১৮ হাজার ৭৪৫ টাকা উদ্ধার করা হয়। এ সময় জাহাজের নাবিক মোঃ জিয়াউর রহমান (৪৫)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিয়াউর রহমান চট্টগ্রামের মীরসরাই থানার মিঠানালা রাজাপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোঃ জেবল হক ।পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোনো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *