বটিয়াঘাটায় সরকারি জমি দখল ও ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ, শ্রমিক দল নেতার বিরুদ্ধে

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় সরকারি জমি দখল এবং রাস্তার পাশের ৫ শতাধিক ছোট-বড় গেওয়া গাছ কেটে উজাড় করার অভিযোগ উঠেছে বটিয়াঘাটা উপজেলা সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইউনুস হাওলাদার ও শ্রমিক নেত্রী প্রতিমা বালার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট জমি নিয়ে আদালতে মামলা ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও জমিটি দখলের চেষ্টা করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে ইউনুস হাওলাদার ও প্রতিমা বালা প্রায় ২০ থেকে ২৫ জন শ্রমিক নিয়ে বটিয়াঘাটা উপজেলার হোগলবুনিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে পানি উন্নয়ন বোর্ডের ৩০ নম্বর পোল্ডার এলাকায় যান।
স্থানীয়দের অভিযোগ, সেখানে সরকারি সম্পত্তির বিপুল সংখ্যক গেওয়া গাছ কেটে ফেলা হয়। পরে নেটজাল দিয়ে জমি ঘিরে দখলের চেষ্টা করা হয়।
স্থানীয়রা জানান, ওই জমি নিয়ে মহামান্য আদালতে মামলা ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট জমিতে একটি সতর্কীকরণ সাইনবোর্ডও স্থাপন করা হয়েছিল বলে জানা গেছে। তবে আদালতের নিষেধাজ্ঞা ও সতর্কীকরণ উপেক্ষা করেই জমি দখলের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, শ্রমিক দলের সভাপতি ইউনুস হাওলাদার নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে অপর একটি সংগঠনের শ্রমিক নেত্রী প্রতিমা বালাকে জমি দখলের কাজে সহযোগিতা করেন। এ সময় সরকারি রাস্তার পাশের ৫ শতাধিক ছোট-বড় গেওয়া গাছ কেটে ফেলা হয় বলে স্থানীয়রা দাবি করেছেন।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ২ নং বটিয়াঘাটা ইউনিয়নের জে.এল. নং-৮, মৌজা হোগলবুনিয়ার সংশ্লিষ্ট জমির উল্লেখ রয়েছে। সেখানে আর.এস., বি.আর.এস. ও বি.এস. খতিয়ানের পাশাপাশি সি.এস. ও এস.এ. দাগ নং ১১৭৮, ১১৭৯ ও ১১৭৩ উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জমির পরিমাণ ১.০৪ শতক উল্লেখ রয়েছে।
এলাকাবাসীর দাবি, আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান থাকা অবস্থায় সরকারি জমি দখলের চেষ্টা এবং রাস্তার পাশের সরকারি গাছ কাটার ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শ্রমিক দলের সভাপতি ইউনুস হাওলাদার ও অভিযুক্ত প্রতিমা বালার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা বিষয়টি এড়িয়ে যান।
এ ঘটনায় সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. হেলাল শেখ বলেন, “ঘটনাটি যদি সত্য হয়, তাহলে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে উপজেলা ব্যাটারিচালিত থ্রি-হুইলার মোটরযান শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোল্লা সেলিম বলেন, “বিষয়টি আমি লোকমুখে শুনেছি। জেলার নেতাদের সঙ্গে কথা বলে ঘটনা সত্য হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
সরকারি জমি দখল ও রাস্তার পাশের গাছ কাটার অভিযোগের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *