চাঁদপুরে সকল থানায় একযোগে মাদকবিরোধী র্যালি ও সভা অনুষ্ঠিত
মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার সকল থানায় একযোগে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানা, হাইমচর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, শাহরাস্তি মডেল ও কচুয়া থানায় পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র্যালি শেষে আয়োজিত সভায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
চাঁদপুর জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
মাদককে না বলুন—মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলুন।

